বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি !
- আপডেট সময় : ০৬:৩০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:
বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায়, ইট-পাটকেল ছুড়ে। এরপর থেকে এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে। পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের।
শুরুতেই ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। তবে কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে ডিসি অফিসের দিকে যেতে দেখা যায়। দেড় ঘণ্টা পরে সেনাবাহিনীর দল আবার ঘটনাস্থলে এসেছেন। হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নিতে দেখা গেছে ।
এদিকে, হামলাকারীদের সরিয়ে দিতে উপস্থিত শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করছে। রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তেও দেখা গেছে। তবে তাদেরকেও মাঝে মধ্যে পিছু হঠতে দেখা যায়। পুলিশ পালানোর ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।অন্তত চারজন পুলিশ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি ৪ প্লাটুনও বিজিবি মোতায়েন করা হয়েছে। তথাপিও বর্তমানে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এছাড়াও বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।













