দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে,
পদ্মায় নিমজ্জিত যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা!
- আপডেট সময় : ০৮:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি:
বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাসটি পদ্মা নদীতে নিমজ্জিত হয়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সৌহার্দ পরিবহণের দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মনির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটিতে ৫০/৫২ জন যাত্রী ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে বাসটি দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে পৌঁছালে ১০-১২ জন যাত্রী বাস থেকে নিচে নেমে যান। অবশিষ্ট যাত্রীদের নিয়ে বাসটি ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে উঠতে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সরাসরি পদ্মা নদীর গভীর জলে পড়ে তলিয়ে যায়। বাসটিতে অধিকাংশই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছিলেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় জনগণ ট্রলার নিয়ে উদ্ধার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু হতাহত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। উদ্ধার তৎপরতা এখনও চলছে।














