কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
- আপডেট সময় : ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাককোডি বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বলেন,
বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের স্বীকৃতি দিয়ে বিদ্যমান সুযোগগুলোকে পুরোপুরি কাজে লাগাতে কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় তারা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন পথ অন্বেষণের গুরুত্বারোপ করেছেন। হাইকমিশনার তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ও শ্রীলংকা বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; শিক্ষা এবং পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছে।
তারা বাংলাদেশি ওষুধ শ্রীলংকায় কিভাবে রপ্তানি করা যেতে পারে- তা নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শ্রীলংকা তার প্রতিষ্ঠানগুলো কিভাবে উন্মুক্ত করতে পারে— তা নিয়েও আলোচনা করেছেন।












