জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব,
বাজার এখনো নিয়ন্ত্রণহীন,সংক্ষুব্ধ সাধারণ মানুষ।
- আপডেট সময় : ১২:১৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
অতি সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে যেন ‘আগুন’। প্রায় সব পণ্যের দাম লাগামহীন। যে যেভাবে পারছেন দাম বাড়াচ্ছেন। স্বেচ্ছাচার অবস্থা। বাজারে এক ধরনের ‘লুটপাট’ চলছে বললেও ভুল বলা হবে না। ক্রাইম নিউজ প্রতিক্ষণ এর কাছে এমন সব ক্ষোভের কথা জানিয়েছেন রাজধানীর বিভিন্ন বাজারে আসা ক্রেতাদের অনেকে। তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ ব্যয় যতটা বেড়েছে, তার চেয়ে অনেক বেশি হারে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। বাড়তি খরচের এমন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ভোক্তার ঘাড়ে। অথচ যথাযথভাবে বাজার নিয়ন্ত্রণের সব দায় ও দায়িত্ব সরকারের। কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির চার দিন পার হলেও বাজার এখনো নিয়ন্ত্রণহীন। বাস্তবে তদারকি সংস্থার কোনো প্রতিফলন নেই। ব্যবসায়ীরা যে যার মত দাম বাড়াচ্ছে।দেখার কেউ নেই।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়, যা কার্যকর করা হয় ২১ সেপ্টেম্বর থেকে। এর আগে গত ১৯ এপ্রিল ও ১ জুন তেলের দাম বাড়ানো হয়। কিন্তু প্রতিবারই জ্বালানি তেলের দাম যে হারে বেড়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি বাড়ে বাজারদর। এমন পরিস্থিতির মধ্যেই ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটির দিন সপ্তাহের বাজার করবেন অনেকে। সংশ্লিষ্টরা মনে করেন, সাপ্তাহিক বাজার করতে এসে নির্ঘাত অনেকে ক্ষুব্ধ হবেন। যার দায় পড়বে সরকারের ওপর। ফলে সরকারের উচিত হবে, কোনো মধ্যস্বত্বভোগী যেন সরকারের উপায়হীন এসব সিদ্ধান্তকে পুঁজি করে এভাবে ভোক্তার পকেট কাটতে না পারে। সেজন্য পর্যাপ্ত জনবল বাড়িয়ে সমন্বিতভাবে বাজার মনিটরিং আরও কার্যকর করতে হবে।
সরেজমিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি পণ্যে বেশি দাম হাঁকা হচ্ছে। যার সঙ্গে পাইকারি বাজার থেকে অনেক তফাত। এই অবস্থা দেশের প্রতিটি শহরের বাজার গুলোতে।














