প্লাস্টিকের ভিড়েও শতবর্ষের ঐতিহ্য:
রাজশাহীর কেশরহাটে সগৌরবে টিকে আছে বাঁশ ও বেতের তৈরি পণ্যের শিল্প।
- আপডেট সময় : ০৩:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল,রাজশাহী :
আধুনিকতার ছোঁয়া ও প্লাস্টিক পণ্যের আগ্রাসনের যুগেও শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে সগৌরবে টিকে আছে রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহাসিক কেশরহাটের বাঁশ ও মাছের হাট। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জনপদের মাটি ও মানুষের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঁশ ও বেতের তৈরি পণ্যের সুপ্রাচীন এই শিল্প।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সরেজমিন কেশরহাটে গিয়ে দেখা যায় এক প্রাণবন্ত ও ব্যস্ত গ্রামীণ চিত্র। ঐতিহ্যবাহী এই হাটটি মূলত সপ্তাহের দুই দিন, তবে এর অর্থনৈতিক গুরুত্ব এতটাই গভীর যে, নির্দিষ্ট বারের বাইরেও এখানকার কর্মচাঞ্চল্য প্রতিদিন লক্ষ্য করা যায়।
হাটে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি বাঁশ ও বেতের তৈরি নানা রঙের গৃহস্থালি ও কৃষিকাজে ব্যবহৃত পণ্য। কুলা, চালুন, ডালি, খাঁচা, মোড়াসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসেন দূর-দূরান্ত থেকে আসা কারিগর ও ব্যবসায়ীরা। আধুনিক প্লাস্টিকের পণ্যের সস্তা ও সহজলভ্যতার যুগেও গ্রামীণ জনপদের মানুষ আজও পরিবেশবান্ধব, টেকসই এবং ঐতিহ্যবাহী এসব পণ্যের টানে নিয়মিত ছুটে আসেন এই হাটে।
কেশরহাটের আরেকটি প্রধান ঐতিহ্য ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর বিশাল মাছের বাজার। সরেজমিন দেখা যায়, হাটে বিপুল পরিমাণ তাজা মাছের আমদানি হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ প্রতিদিন ট্রাকে ও বিভিন্ন যানবাহনে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ বা রপ্তানি করা হয়। পাইকার, আড়তদার ও খুচরা ক্রেতাদের দরদাম আর হাঁকডাকে মুখরিত থাকে পুরো মাছ বাজার এলাকা।















