ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৫ জন।
- আপডেট সময় : ০৫:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

(ফাইল ফটো)
নিজস্ব প্রতিনিধি:
ক্রমেই অবনতি হচ্ছে ডেঙ্গু জ্বরের। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজন মারা গেছেন। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৫ জন।
মঙ্গলবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
সরকারী হিসেবে মতে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন। তবে এর প্রকৃত সংখ্যা আরও বেশী হবে বলে জানান নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ ডাক্তার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১২০ জনই বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরের এলাকার।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৯ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৮৬ জন ও বাকি ৯৬৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে’তে ১ হাজার ৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন।















