ভারতের,
কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর ফেরত দিলো খাইরুজ্জামাল নামে বাংলাদেশির লাশ!
- আপডেট সময় : ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়ে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামালের (৪২) লাশ ফেরত দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খাইরুজ্জামাল, মৃত আব্দুল্লার ছেলে। সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে যতদূর জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে খাইরুজ্জামাল জীবিকার সন্ধানে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর পর মরদেহ দেশে ফিরে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে লাশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম কালুডাঙায় পারিবারিক কবরস্থানে খাইরুজ্জামালকে দাফন করা হবে বলে জানা গেছে।
উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দীক সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে খাইরুজ্জামালের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে বাদ এশা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও নিশ্চিত করেন ওসি।
এনিয়ে গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানা যায়।















