রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে!
- আপডেট সময় : ০৭:৩৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী:
রাজশাহীর ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ সুস্বাদু মিষ্টি পান। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে মোহনপুর উপজেলা প্রশাসন। এখন থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাইনবোর্ডে ফুটিয়ে তোলা হয়েছে মোহনপুরের এই বিখ্যাত মিষ্টি পানের ঐতিহ্য।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোহনপুরের মাটি ও আবহাওয়া পান চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার মিষ্টি পানের খ্যাতি শুধু স্থানীয় পর্যায়েই নয়, দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। এই পানের সুখ্যাতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে পানের মোটিফ বা লোগো যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার-এর সার্বিক দিক নির্দেশনা ও উদ্যোগে এই অভিনব কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এই বিষয়ে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “মোহনপুরের মিষ্টি পান আমাদের একটি বড় ঐতিহ্য ও গৌরবের প্রতীক। স্থানীয় এই কৃষিপণ্যটিকে আরও পরিচিত করতে এবং এর ঐতিহ্য ধরে রাখতে উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে একে স্থান দেওয়া হয়েছে। এটি আমাদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের একটি ক্ষুদ্র প্রয়াস।”
উপজেলা প্রশাসনের এমন নান্দনিক ও সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ, কৃষক এবং সাধারণ মানুষ। তাদের মতে, এই উদ্যোগের ফলে মোহনপুরের মিষ্টি পানের ব্র্যান্ডিং আরও জোরদার হবে এবং দেশ-বিদেশের মানুষের কাছে এই অঞ্চলের ঐতিহ্য নতুনভাবে পরিচিতি লাভ করবে।















