বিএনপি নেতা সংবাদ সম্মেলনে:
‘এনসিপির থেকে আমার নাম কাটতে হবে, না হলে আইনি ব্যবস্থা’
- আপডেট সময় : ০৭:৫১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

(সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম মাস্টার)
সিরাজগঞ্জ প্রতিনিধি :
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর কাপড়ের হাটের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার দাবি করেন বলেন যে, শহীদ জিয়াউর রহমানের হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এটা তো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম কাটতে হবে। তা নাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলাম বলেন, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত মেজর (অব.) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনে শাপলা কলির প্রার্থী হয়েছেন। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্য হাসিল করতে নবগঠিত এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলীসহ দলীয় নেতারা।















