দিনে কুকুর, রাতে শেয়ালের উপদ্রব:
রাজশাহীর মোহনপুরের ধুরইলসহ আশেপাশের গ্রামে অতিষ্ঠ জনজীবন!
- আপডেট সময় : ০৭:৩৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
বিশেষ প্রতিনিধি, মোহনপুর:
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে দিনে বেওয়ারিশ কুকুর এবং রাতে শেয়ালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাস্তাঘাটে অবাধে চলাফেরা করা এসব হিংস্র প্রাণীর আক্রমণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার ধুরইল হাটপাড়া গ্রামের মোঃ সাইদুলের স্ত্রী কুকুরের কামড়ে গুরুতর আহত হন। এছাড়া মঙ্গলবার (১৩ অক্টোবর) ধুরইল ইউনিয়নের বিভিন্ন পাড়ার বেশ কয়েকজন শিশু ও কিশোর কুকুরের আক্রমণের শিকার হয়ে আহত হয়েছে।
একের পর এক এসব ঘটনার পর থেকে পুরো ধুরইল গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, কিশোর ও বৃদ্ধদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকরা তাদের একা বাইরে বের হতে দিতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলা রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের দল ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই পথচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে। আর সন্ধ্যা নামলেই শুরু হয় শেয়ালের তাণ্ডব। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ধুরইল গ্রামবাসী তথা মোহনপুরের সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অতি দ্রুত বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।















