রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন গ্রুপিংয়ের কারণে কমিটি বিলুপ্ত!
- আপডেট সময় : ০৭:০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
সম্মেলনের পর রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নতুন কমিটি ঘোষণা হয়নি। এনিয়ে চলছে নানান জল্পনা, কল্পনা। সরজমিনে দেখা যায়, তিনটি গ্রুপ,চলছে একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি। যা মেটাতে দুই কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয়।
দলীয় সূত্র জানায়, নতুন কমিটি না হওয়া পর্যন্ত মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম (আলীম) এবং এ এইচ এম ওবায়দুর রহমান (চন্দন)।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্যসচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। তার পর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছিল। এ কমিটিতে যোগ্য নেতৃত্ব আসেনি, এমন অভিযোগ তুলে দলটির রাজশাহীর শীর্ষ নেতারা তাঁদের সঙ্গে কোনো সভা-সমাবেশে অংশ নিতেন না। বিরোধ ছিল অনেকটাই প্রকাশ্যে।
এই বিরোধের জের ধরে দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাও ঘটে। কিছুদিন ধরে আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলেন দলের একাংশের নেতা-কর্মীরা।
সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক (মন্টু) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম (আলীম) এবং এ এইচ এম ওবায়দুর রহমান (চন্দন)।’
বিএনপির রাজশাহী বিভাগের সমন্বয়কারী আবদুস সালামের নির্দেশক্রমে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বজলুল হক।















