রাজশাহীর মোহনপুরে
বাড়িতে ঢুকে হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা, এলাকায় চাঞ্চল্য!
- আপডেট সময় : ০৮:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে বাড়িতে ঢুকে এক হোটেল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম হালিম। তিনি ধুরইল উত্তর পাড়ার মৃত আরশেদের ছেলে এবং ধুরইল বাজারের একজন হোটেল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একদল হামলাকারী হাতে হাসুয়া, লোহার রড ও হাতুড়ি নিয়ে
অনধিকারভাবে হালিমের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁর ওপর চড়াও হয় এবং প্রথমে তাঁর মাথায় ও পরে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে মোহনপুর থানার সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















